তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিমুখী করতে মেলা

সংগৃহীত ছবি
তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ডব্লিউইউবি স্টিম কার্নিভাল-২০২৬।
গত মঙ্গলবার ঢাকার উত্তরায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে দিনব্যাপী এ কার্নিভালে দেশের শতাধিক কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম নুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর জাকি ইমাম, ডিন অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ প্রফেসর ড. এ কিউ এম শফিউল আজম এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান।
কার্নিভালে চারটি প্রধান ইভেন্ট ছিল— গণিত অলিম্পিয়াড, সায়েন্স ও আইসিটি অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও প্রজেক্ট প্রদর্শন। এইচএসসি, এ লেভেল ও আলিম পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। কার্নিভালে মোট ৩ লাখ টাকা প্রাইজমানি ছিল। বিজয়ীদের নগদ অর্থের পাশাপাশি সনদ ও ক্রেস্ট এবং অংশগ্রহণকারীদের অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।



