নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নৃবিজ্ঞান সিম্পোজিয়াম

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) নৃবিজ্ঞান সিম্পোজিয়ামে অতিথিরা। ছবি: আয়োজকদের সৌজন্যে
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) হয়ে গেল দিনব্যাপী নৃবিজ্ঞান সিম্পোজিয়াম।
বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অ্যানথ্রোপলজি প্রোগ্রামের উদ্যোগে আজ বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রিজওয়ান খায়ের।
বিশ্ববিদ্যালয়টির স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান, এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ও অ্যানথ্রোপলজি প্রোগ্রামের শিক্ষক অধ্যাপক বুলবুল সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম নুরুল আলম। তিনি তার দীর্ঘ একাডেমিক জীবনের অভিজ্ঞতা এবং বাংলাদেশে নৃবিজ্ঞান শিক্ষার শুরুর দিকের কথা তুলে ধরেন। নৃবিজ্ঞানকে জীবন, সমাজ ও মানুষের পারস্পরিক সম্পর্ক বোঝার একটি উপায় হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
সিম্পোজিয়ামে ফল ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যানথ্রোপলজি প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থী রাহমা রাইসা ও নাজহাত নাহিয়ান তাইমুর।



