একমত সব পক্ষ
ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্তর হবেন নিয়মিত শিক্ষার্থীরা
- ২৭ আগস্টের মধ্যে চূড়ান্ত রোডম্যাপ

লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশন ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে হয়েছে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
গতকাল রবিবার রাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থানান্তরের বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে সব পক্ষ একমত হয়েছে। গত ২৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক।
মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এই বৈঠকে শিক্ষার্থীদের স্থানান্তরের বিভিন্ন দিক এবং তাদের মতামত পর্যালোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন এবং সাত কলেজের অধ্যক্ষরা সম্মতি প্রকাশ করেছেন মাইগ্রেশন প্রক্রিয়ায়।
এই একাডেমিক রূপান্তরের কাজ সহজে শেষ করতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবারের (২৭ আগস্ট) মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে চূড়ান্ত রোডম্যাপ।
এর আগে গত ১৭ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে ভোটগ্রহণ শুরু হয়। এরপর বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোটিং।
ভোটগ্রহণ শেষে জানা যায় ফলাফল। এতে অ্যাকাডেমিক মাইগ্রেশনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী তাদের মতামত দিয়েছেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে শিক্ষার্থীরা ভোট দেন।
বিশ্ববিদ্যালয়ের দেওয়া অফিশিয়াল তথ্যানুযায়ী, মোট ভোটার ছিলেন ৫৪ হাজার ৩৯৬ জন শিক্ষার্থীরা। ভোট দিয়েছেন ১৯ হাজার ৬৮২ জন।
এর মধ্যে ১৭ হাজার ১২ জন শিক্ষার্থী ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। ‘না’ ভোট দিয়েছে ২ হাজার ৫৩২ জন। মন্তব্য করেননি ১৩৮ জন। ভোটগ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ছিল ৩৬ দশমিক ১৮ শতাংশ।







