প্রশাসনের নিষেধাজ্ঞার মধ্যেই তিতুমীর কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ

সংগৃহীত ছবি
কর্মসূচি পালনে কলেজ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার মধ্যেই ২০২৫-২৬ সেশনের প্রায় দেড় হাজার নবীন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান করেছে তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, কলমদানি, পবিত্র কোরআন ও অনুপ্রেরণামূলক ইসলামী বইসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। এ সময় আমন্ত্রিত অতিথিরা নবীনদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ও জুলাই গণঅভ্যুত্থানসহ সামসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
এদিকে, গতকাল বুধবার রাতে তিতুমীর কলেজের অধ্যক্ষ ছদরুদ্দীন আহমেদ স্বাক্ষরিত হাতে লেখা একটি নোটিসে ১৫ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের পাত্রি পুজা উপলক্ষে ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করে কলেজ প্রশাসন। একই সঙ্গে ফেসবুক পোস্টের মাধ্যমে ছাত্রশিবিরের সঙ্গে একই সময়ে কলেজ শাখা ছাত্রদল নবীনবরণ অনুষ্ঠানের ঘোষণা দেন।
প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে ছাত্র, শ্রমিক, শিশুসহ সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু একটি গোষ্ঠী জুলাই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং নিজের লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে। নৈতিকতা ও আদর্শ বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।



