আগামীর সময়

ভোটের দুই দিন আগে সরে দাঁড়াবার ঘোষণা ঢাবি উপাচার্যের

ভোটের দুই দিন আগে সরে দাঁড়াবার ঘোষণা ঢাবি উপাচার্যের

নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান পদত্যাগ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে (১০ ফেব্রুয়ারি) তিনি আকস্মিক পদত্যাগের কথা জানালেন।


সংশ্লিষ্টরা জানান, আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) হঠাৎ করেই সংবাদ সম্মেলনের ডাক দেন ঢাবি উপাচার্য। বিকাল ৩টায় ঘোষিত এই সংবাদ সম্মেলনকে জনসংযোগের পক্ষে ‘বিশেষ’ আখ্যা দেওয়া হয়েছিল।


উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য বলেন, ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব। আমার যে মূল কাজ, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতা তাতে ফেরত যাব।


পদত্যাগের বিষয়ে তিনি বলেন, আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।


২০২৪ সালের ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঢাবির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।


সে সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১ (২) অনুযায়ী প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।


২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট উপাচার্য পদে নিয়োগ পান ড. নিয়াজ আহমদ খান।

    শেয়ার করুন: