আগামীর সময়

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

মধ্যপ্রাচ্যে তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে স্বর্ণের দাম এক শতাংশেরও বেশি বেড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বড় ধরনের হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।


বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ৩৪৮ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৬২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।


এর আগে রবিবার তেহরানে নতুন করে হামলা শুরু করে ইসরাইল, যার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। খামেনির হত্যার একদিন পর শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা আরও বেড়ে যায়।


বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তার সবচেয়ে ভালো সূচক সম্ভবত স্বর্ণ। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার এক নতুন যুগে প্রবেশ করায় স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়বে; এমন প্রত্যাশা করাই স্বাভাবিক।


২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৬৪ শতাংশ বেড়েছে। এই উত্থানের পেছনে রয়েছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী ক্রয়, এক্সচেঞ্জ-ট্রেডেড তহবিলে বড় বিনিয়োগ এবং মার্কিন মুদ্রানীতি শিথিল হওয়ার প্রত্যাশা।

    শেয়ার করুন: