২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ডলার

ফাইল ছবি
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার (প্রায় ২.৭৯ বিলিয়ন ডলার)। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে প্রবেশ করেছে প্রায় ১১ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।
এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

