আগামীর সময়

তিন সূচকেই প্রবৃদ্ধি, ফার্মা খাতের ৯ কোম্পানির দাপট

তিন সূচকেই প্রবৃদ্ধি, ফার্মা খাতের ৯ কোম্পানির দাপট

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানির অধিকাংশেরই মুনাফা, নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) এবং নিট সম্পদ মূল্যে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

চলতি অর্থবছরের প্রথম অর্ধ-বার্ষিকের (জুলাই-ডিসেম্বর’২৫) আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, এ খাতের মাত্র ৯টি কোম্পানি আয়, ক্যাশ ফ্লো এবং সম্পদ মূল্য— এই তিনটি প্রধান সূচকেই ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে।

বিনিয়োগকারীদের জন্য আশার কথা হলো, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির মাঝেও এই ফার্মা কোম্পানিগুলো তাদের নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্য হারে বাড়াতে পেরেছে। মূলত লজিস্টিক ব্যবস্থাপনা ও পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ দক্ষতাই অনেক কোম্পানির নগদ প্রবাহে বা ক্যাশ ফ্লোতে এমন অভাবনীয় উন্নতি এনে দিয়েছে।

যে ৯টি কোম্পানির ইপিএস, ক্যাশ ফ্লো ও সম্পদ মূল্যে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি রয়েছে, সেগুলোর হলো:

এসিআই: চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ১১ পয়সায়, যা আগের বছর ছিল ৫ টাকা ৪৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো ৬ টাকা ৮৫ পয়সা থেকে লাফিয়ে ১২ টাকা ১৬ পয়সা হয়েছে। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২৮ টাকা ৯৭ পয়সা।

এশিয়াটিক ল্যাবরেটরিজ: সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে এই কোম্পানিতে। আগের বছর ইপিএস মাত্র ৯৬ পয়সা থাকলেও এবার তা বেড়ে ২ টাকা ৫৮ পয়সা হয়েছে। ক্যাশ ফ্লো ৮৭ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ১ পয়সায় দাঁড়িয়েছে এবং সম্পদ মূল্য হয়েছে ৫৬ টাকা ৭ পয়সা।

বিকন ফার্মা: কোম্পানিটির ইপিএস ৩ টাকা ৪৭ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৭৩ পয়সা হয়েছে। ক্যাশ ফ্লো ৬ টাকা ৫৭ পয়সা এবং সম্পদ মূল্য ৩২ টাকা ৩২ পয়সা।

ইবনে সিনা: বরাবরের মতোই শক্তিশালী অবস্থানে থাকা এই কোম্পানির ইপিএস ৯ টাকা ৪৭ পয়সা থেকে বেড়ে ১৫ টাকা ২৭ পয়সা হয়েছে। ক্যাশ ফ্লো ১৭ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ২৪ টাকা ৫৮ পয়সা এবং সম্পদ মূল্য ১৩৪ টাকা ৪১ পয়সা।

নাভানা ফার্মা: ইপিএস ২ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ৩৫ পয়সা হয়েছে। ক্যাশ ফ্লো ৮ টাকা ১১ পয়সা এবং সম্পদ মূল্য ৪৮ টাকা ৩২ পয়সা।

ওরিয়ন ইনফিউশন: কোম্পানিটির ইপিএস ১ টাকা ৩ পয়সা থেকে বেড়ে অর্থবছরের প্রথম ৬ মাসে ১ টাকা ১৫ পয়সা হয়েছে এবং সম্পদ মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৯০ পয়সা। আর ক্যাশ ফ্লো গত বছর মাইনাস ২১ পয়সা থাকলেও এবার তা ১ টাকা ৮৫ পয়সায় উন্নীত হয়েছে।

ফার্মা এইড: ১১ টাকা ৩২ পয়সা থেকে ইপিএস বেড়ে ১৪ টাকা ৯ পয়সা হয়েছে। ক্যাশ ফ্লো ১০ টাকা ১১ পয়সা এবং সম্পদ মূল্য ১৪৯ টাকা ৫৪ পয়সা।

রেনেটা: বড় মূলধনী এই কোম্পানির ইপিএস ১০ টাকা ৮৩ পয়সা থেকে বেড়ে ১৩ টাকা ৫৮ পয়সা হয়েছে। ক্যাশ ফ্লো ৩ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ১২ টাকা ৮৭ পয়সায় পৌঁছেছে এবং সম্পদ মূল্য ৩১৩ টাকা ৪৮ পয়সা।

স্কয়ার ফার্মা: ফার্মা খাতের শীর্ষ এই কোম্পানির ইপিএস ১৪ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে ১৬ টাকা ৫৬ পয়সা হয়েছে। ক্যাশ ফ্লো ৮ টাকা ২৮ পয়সা থেকে বেড়ে ১৩ টাকা ১৬ পয়সা এবং সম্পদ মূল্য ১৬২ টাকা ৪১ পয়সায় দাঁড়িয়েছে।

    শেয়ার করুন: