আগামীর সময়

লোকসান কাটিয়ে মুনাফায় বস্ত্র খাতের ৪ কোম্পানি

লোকসান কাটিয়ে মুনাফায় বস্ত্র খাতের ৪ কোম্পানি

প্রতীকী ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিগুলোর সাম্প্রতিক আর্থিক চিত্রে মিশ্র প্রবণতা দেখা গেলেও কয়েকটি প্রতিষ্ঠান লোকসান কাটিয়ে মুনাফায় ফিরতে সক্ষম হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৫৮টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ৩৯টি তাদের হিসাব প্রকাশ করেছে। এতে দেখা যায়, আলোচ্য সময়ে ৪টি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। পাশাপাশি ৫টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে, ১৬টির কমেছে এবং ৮টি কোম্পানি ধারাবাহিক লোকসানে রয়েছে। একই সময়ে ৬টি কোম্পানি মুনাফা থেকে লোকসানে নেমে গেছে।

লোকসান থেকে মুনাফায় ফিরে আসা চারটি কোম্পানি হলো অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ডেল্টা স্পিনার্স, দেশ গার্মেন্টস এবং ইভিন্স টেক্সটাইল।

অলটেক্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৩ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫ পয়সা। আর চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৬ পয়সা।

ডেল্টা স্পিনার্সও একই সময়ে ঘুরে দাঁড়িয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে তাদের ইপিএস হয়েছে ৩ পয়সা, যেখানে আগের বছর ছিল ৫ পয়সা লোকসান। আর জুলাই থেকে ডিসেম্বর সময়ে কোম্পানিটি ২ পয়সা ইপিএস অর্জন করেছে, যা আগের বছরের ১২ পয়সা লোকসানের বিপরীতে ইতিবাচক পরিবর্তন।

দেশ গার্মেন্টস দ্বিতীয় প্রান্তিকে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে। এই সময়ে তাদের ইপিএস দাঁড়িয়েছে ১৮ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ২ পয়সা লোকসান ছিল। আর চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৩ পয়সা, যা আগের বছরের ৯ পয়সার তুলনায় বেশি।

ইভিন্স টেক্সটাইলের ক্ষেত্রেও লোকসান থেকে মুনাফায় ফেরার চিত্র দেখা গেছে। দ্বিতীয় প্রান্তিকে তাদের ইপিএস দাঁড়িয়েছে ৮ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ২৩ পয়সা লোকসান ছিল। তবে ছয় মাসের হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ পয়সা, যা আগের বছর লোকসান ছিল ২২ পয়সা।

    শেয়ার করুন: