টেলিযোগাযোগ মন্ত্রী
টেলিযোগাযোগ উন্নয়নে প্রকৌশলীদের মেধা কাজে লাগানোর আহ্বান

দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি সবার জন্য উন্নত যোগাযোগসেবা নিশ্চিত করতে প্রকৌশলীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি বলেছেন, সরকারি দায়িত্ব শুধু চাকরি নয়, এটি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ। দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব, জবাবদিহি ও দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আজ রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরে ২৭তম বিসিএস টেলিযোগাযোগ ক্যাডারে যোগদান করা সহকারী বিভাগীয় প্রকৌশলীদের সঙ্গে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেছেন, বর্তমান বিশ্বে টেলিযোগাযোগ ব্যবস্থা একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। বাংলাদেশও দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে দক্ষ মানবসম্পদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তোলা জরুরি।
নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে ফকির মাহবুব আনাম বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তাদের জ্ঞান ও দক্ষতা নিয়মিতভাবে সমৃদ্ধ করতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত ও নিরবচ্ছিন্ন যোগাযোগসেবা পৌঁছে দিতে টেলিযোগাযোগ খাতের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
তার ভাষ্য, নতুন প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাশ্রয়ী, মানসম্মত ও জনবান্ধব টেলিযোগাযোগসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় ২৭তম বিসিএস টেলিযোগাযোগ ক্যাডারে যোগদান করা সহকারী বিভাগীয় প্রকৌশলীরা নিজেদের পরিচয় তুলে ধরেন। তারা টেলিযোগাযোগ খাতের উন্নয়নে নিজেদের প্রত্যাশা ও কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন।
পরিচিতি সভার আগে মন্ত্রী টেলিযোগাযোগ অধিদপ্তরে অবস্থিত সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (সিটিডিআর) সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।
টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নবনিযুক্ত সহকারী বিভাগীয় প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।






