ক্যাশলেস লেনদেন বাড়াতে মিডল্যান্ড ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

সংগৃহীত ছবি
নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু করেছে মিডল্যান্ড ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সেবার উদ্বোধন করেন।
বাংলা কিউআর সেবার মাধ্যমে গ্রাহকেরা সমর্থিত মুঠোফোনভিত্তিক ব্যাংকিং ও ডিজিটাল পরিশোধের মাধ্যম ব্যবহার করে ব্যবসাপ্রতিষ্ঠানের কিউআর সংকেত স্ক্যান করে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন। এতে দৈনন্দিন লেনদেন আরও দ্রুত ও সুবিধাজনক হওয়ার পাশাপাশি নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে বলে আশা করছে ব্যাংকটি।
উদ্বোধনী অনুষ্ঠানে ইমতিয়াজ ইউ. আহমেদ বলেন, বাংলা কিউআর সেবা চালু ব্যাংকের ডিজিটাল রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীদের নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল লেনদেনে উৎসাহিত করার পাশাপাশি নগদ অর্থবিহীন অর্থনীতি গড়ে তোলায় অবদান রাখতে চায় ব্যাংকটি।
ব্যাংকটি জানিয়েছে, এ উদ্যোগের আওতায় আরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠানকে ডিজিটাল লেনদেনের আওতায় আনা এবং দেশজুড়ে কিউআর সংকেতভিত্তিক পরিশোধের ব্যবহার বাড়ানোর কাজ চলবে। বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক ও নগদ অর্থবিহীন লেনদেনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



