আগামীর সময়

আরও ২০ জনের কৃত্রিম পা সংযোজন করছে ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’

আরও ২০ জনের কৃত্রিম পা সংযোজন করছে ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে ক্রাচ, লাঠি কিংবা বাঁশের সাহায্যে খুঁড়িয়ে চলা দেশের বিভিন্ন অঞ্চলের ২০ জন পা হারানো অসহায় ব্যক্তি নতুনভাবে চলার স্বপ্ন দেখতে শুরু করেছেন। সমাজের বিত্তবানদের সহযোগিতায় তাদের পাশে দাঁড়িয়েছে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলীতে অবস্থিত কৃত্রিম পা, হাত ও ব্রেইস সংযোজন কেন্দ্র ইজি লাইফ ফর বাংলাদেশ-এ এই ২০ জনের কৃত্রিম পা সংযোজন কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইজি লাইফ ফর বাংলাদেশ এর পরিচালক মো. মনিরুল ইসলাম, ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, সদস্য মো: রুবেলসহ অন্যান্যরা।

কৃত্রিম পা লাগানোর প্রসঙ্গে ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাঘাতগ্রস্থ অসহায় মানুষ দেখে থাকি। আমরা স্বপ্ন নিয়ের মাধ্যমে সকলের সহযোগিতায় এর আগে ৫২জনের কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। আমাদের সকলের যার যার সামর্থ্য অনুযায়ী এসকল মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিৎ।

পক্ষাঘাতগ্রস্থ অসহায় ও গরীব মানুষের প্রাত্যহিক জীবনে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি যেন গতির সঞ্চার হয় এবং এর মাধ্যমে তাদের জীবন-যাপন আরো সহজ ও সুন্দর হয় সে লক্ষ্যেই ”স্বপ্ন নিয়ে” এমন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে নূরু-সাবাসহ যারা আমাদেরকে অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    শেয়ার করুন: