এবিসি ফ্যাসিলিটিজের সিকিউরিটি গার্ডদের বেতন যাবে বিকাশে

ইন্টিগ্রেটেড ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবিসি ফ্যাসিলিটিজ লিমিটেডের দেশজুড়ে কর্মরত সিকিউরিটি গার্ডদের বেতন, মজুরি ও অন্যান্য পেমেন্ট এখন থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে দেওয়া হবে।
এ জন্য সম্প্রতি এবিসি ফ্যাসিলিটিজ লিমিটেডের কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে বিকাশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় এবিসি ফ্যাসিলিটিজ লিমিটেড তার দেশব্যাপী কর্মরত সিকিউরিটি গার্ডদের বেতন সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে বিকাশের ‘ডিসবার্সমেন্ট সলিউশন’ ব্যবহার করবে।
এর ফলে মাঠপর্যায়ে আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে। একই সঙ্গে নগদ অর্থ ব্যবহারের প্রয়োজন কমায় পরিচালনগত জটিলতাও কমবে। কর্মীরা তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অর্থ ব্যবহার বা ক্যাশ আউট করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এবিসি ফ্যাসিলিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৌগত ঘোষ, ডিরেক্টর শ্রাবন্তী দত্ত, চিফ এক্সিকিউটিভ অফিসার মেজর মো. হুমায়ুন আজাদ সরকার, পিএসসি (অব.) এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মো. সোমেল রেজা খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভবিষ্যতে ডিজিটাল ক্যাশ কালেকশনসহ আরও আধুনিক ও বহুমুখী সেবা চালুর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের এই অংশীদারত্ব আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন কর্মকর্তারা।
এই সেবার সুবিধাভোগীরা দেশজুড়ে বিকাশ এজেন্ট পয়েন্ট ও এটিএম বুথ থেকে প্রয়োজন অনুযায়ী অর্থ ক্যাশ আউট করতে পারবেন। পাশাপাশি বিকাশের মাধ্যমে বিভিন্ন পেমেন্ট, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবার ফি পরিশোধ, সেভিংস, লোন, রেমিট্যান্স গ্রহণ, ই-টিকেটিং ও অনুদানসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।






