রপ্তানি বহুমুখীকরণে এফবিসিসিআইর গবেষণা সেলের যাত্রা

সংগৃহীত ছবি
রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো, নতুন বাজার অনুসন্ধান এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে কাজ করবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) রপ্তানি গবেষণা সেল। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করাও সেলটির অন্যতম লক্ষ্য।
বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে নবগঠিত রপ্তানি গবেষণা সেলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক।
সভায় সভাপতির বক্তব্যে মো. ফজলুল হক বলেছেন, বাজার বিশ্লেষণ, নীতিগত সহায়তার পক্ষে কার্যক্রম পরিচালনা এবং বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এই গবেষণা সেল।
সেলটির কার্যক্রম গতিশীল করতে সদস্যভুক্ত সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে নিজ নিজ খাতের তথ্য-উপাত্ত এবং সুনির্দিষ্ট পরামর্শ দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
দেশের সম্ভাবনাময় খাতগুলোর সক্ষমতা বৃদ্ধি, নতুন রপ্তানি সুযোগ তৈরি এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি সরকারের নির্দেশে বিভিন্ন চেম্বার ও খাতভিত্তিক অ্যাসোসিয়েশনে রপ্তানি গবেষণা সেল গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় এফবিসিসিআইতে সেলটির কার্যক্রম শুরু হয়েছে।
সভায় এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর গবেষণা সেলটির মূল লক্ষ্য, ভবিষ্যৎ কৌশল ও সার্বিক কার্যক্রম নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। পরে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন চেম্বার ও খাতের প্রতিনিধিরা নিজ নিজ খাতের সমস্যা, সম্ভাবনা ও বাস্তব চিত্র তুলে ধরেন।
সভায় সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশ নিয়ে মতামত দেন এফবিসিসিআইর সাবেক পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাণিজ্য মন্ত্রণালয়, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), চাঁদপুর উইমেন চেম্বার, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং হালকা প্রকৌশল ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতের প্রতিনিধিরা।



