দেড় লাখ টন সার কিনছে সরকার

সংগৃহীত ছবি
কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে রাষ্ট্রীয় এবং জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ৯৮২ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭০০ টাকা ব্যয় হবে। গতকাল বুধবার সচিবালয়ে অনলাইনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এসব প্রস্তাব বাস্তবায়ন করবে এবং সার আমদানির এই অর্থ কৃষি ভর্তুকির জন্য বরাদ্দ বাজেট থেকে পরিশোধ করা হবে।
কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে জিটুজি পদ্ধতিতে দুই লটে ৮০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানি করা হবে, যার মোট ব্যয় ৩৭৯ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।
রাষ্ট্রীয় চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিনটর্গ) থেকে সপ্তম লটে ৩৫ হাজার টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১৬৫ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
সৌদি আরবের মা’আদেন থেকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় চতুর্থ লটে ৪০ হাজার টন ডিএপি সার আমদানিতে ব্যয় হবে ৪৩৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা।



