বিমান মন্ত্রী
হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব নষ্টের পাঁয়তারা করছে জামায়াত

ছবি: আগামীর সময়
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হিন্দু-মুসলিমের ভ্রাতৃত্বের সম্পর্ক সব সময়ই ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ সম্পর্ক কিছুটা নষ্ট হয়েছে। এখন জামায়াত সেই সম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
গতকাল শুক্রবার রাতে নিজ বাসভবনে বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা ধৈর্য ধরতে ধরতে যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার একটি সরকার কী করতে পারে, তা আপনারা সবাই জানেন। কিন্তু আমরা সেটা করতে চাই না। আমরা চাই, এ দেশের মানুষ শান্তিতে বসবাস করুক।’
মন্ত্রী আরও বলেন, দেশের দরিদ্র অঞ্চলের মানুষ যেন সক্ষমতা ফিরে পান এবং তাদের পরিবারগুলো সচ্ছল হয়, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা সরকারের দায়িত্ব। বাংলাদেশ জনবহুল দেশ। এখানে হিন্দু-মুসলিম ভাই ভাই। আমরা সব সময় এ স্লোগান দিয়ে আসছি। অতীতে ফ্যাসিস্ট সরকার এ সম্পর্ক নষ্ট করেছে, আর এখন জামায়াত তা নষ্ট করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, এ বিভাগে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহরুল হোসেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহসভাপতি শ্যামল চন্দ্র, মনজুরুল ইসলাম, দেওয়ানগঞ্জের সভাপতি আতিকুর রহমান সাজু এবং সাংবাদিক মদন মোহন ঘোষ প্রমুখ।




