আগামীর সময়

জামালপুর

পানিতে ডুবে নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা করে সহায়তা

পানিতে ডুবে নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা করে সহায়তা

ছবিঃ আগামীর সময়

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর প্লাস্টিক ড্রামের তৈরি একটি পরিত্যক্ত ভাসমান সাঁকো ভেঙে পানিতে ডুবে কয়েকজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

রবিবার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এ ঘোষণা দেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ-বিন-রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে।

জেলা প্রশাসক শোক প্রকাশ করে বলেছেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কে সদস্য সচিব করে পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ পৌর শহরের মডেল থানার সামনে কালিকাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত প্লাস্টিক ড্রামের ভাসমান সাঁকোটি ভেঙে পড়ে। এতে প্রায় শতাধিক মানুষ পানিতে পড়ে যায়।

এ ঘটনায় পাঁচ শিশু নিহত হয়। তারা হলো—চুকাইবাড়ি ইউনিয়নের ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে মায়া মনি (১০) ও ছেলে মিহাত (১৪), বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা বেগম (১২), এবং পৌর শহরের বেলতলি বাজার এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।

স্থানীয়দের ভাষ্য, পৌরসভার উদ্যোগে নির্মিত সাঁকোটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ছিল এবং পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। ঈদ উপলক্ষে নদের পূর্ব তীরে অবস্থিত একটি ইকো পার্কে দর্শনার্থীদের যাতায়াত বাড়ায় সাঁকোটিতে অতিরিক্ত চাপ পড়ে। একপর্যায়ে সাঁকোটি ভেঙে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে। বর্তমানে আর কোনো নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় শান্তি নামে এক শিশু আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঈদের আনন্দের মধ্যেই এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    শেয়ার করুন: