গোয়াইনঘাট সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সংগৃহীত ছবি
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬১ লাখ টাকার ভারতীয় অবৈধ পেঁয়াজ, মদসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ অপারেশন দল গোয়াইনঘাটের প্রতাপপুরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজ, ১২০ বোতল মদসহ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেছেন, দেশের প্রান্তিক কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভারত থেকে অবৈধভাবে পেঁয়াজসহ অন্যান্য পণ্য যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।



