জরাজীর্ণ বাবুগঞ্জ থানা ভবন, ঝুঁকি নিয়ে চলে পুলিশি কার্যক্রম

ছবি: আগামীর সময়
বরিশালের বাবুগঞ্জ থানা ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মূল ভবনের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়েছে। কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টারের দরজা-জানালা ভাঙা এবং পুকুরঘাটের অবকাঠামোও নষ্ট হয়ে গেছে। এতে থানার কর্মপরিবেশ ও পুলিশ সদস্যদের আবাসন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় জরাজীর্ণ অবকাঠামো সংস্কার কিংবা নতুন আধুনিক থানা ভবন নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তথ্য সূত্রে জানা যায়, ২০০১ সালের ৪ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বাবুগঞ্জ থানা ভবনটি উদ্বোধন করেন। দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ভবনটির আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।
সরেজমিন দেখা যায়, থানার মূল ভবনের বাইরের দেয়ালের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়েছে। ভবনের কিছু অংশে পুরোনো অবকাঠামোর ক্ষয় স্পষ্ট। কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টারের দরজা-জানালার অবস্থাও নাজুক। আবাসিক ভবনের ভেতরের পরিবেশসহ বিভিন্ন অংশ সংস্কারের প্রয়োজন রয়েছে। অন্যদিকে, থানার পুকুরঘাটের ওপর নির্মিত স্থাপনার টিনের কিছু অংশ ভেঙে পড়েছে। সংশ্লিষ্ট অবকাঠামোরও বেহাল দশা।
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা দিতে থানার নিরাপদ ও উপযোগী অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পুরোনো ভবনের বিভিন্ন অংশের বেহাল অবস্থা পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও আবাসন সুবিধা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের উপযোগী কর্মপরিবেশ এবং আবাসন সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। একটি আধুনিক থানা ভবন নির্মাণ এর জন্য ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ বরাবর আবেদন প্রেরণ করা হবে।
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বাবুগঞ্জে একটি আধুনিক ও সুপরিকল্পিত থানা ভবন নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। আশা করি অচিরেই বাবুগঞ্জে নতুন থানা ভবন নির্মাণ করা হবে।



