পাওনা টাকা চাওয়ায় চা দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সংগৃহীত ছবি
পটুয়াখালীর সদরে চায়ের দোকানের বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে রহিম প্যাদা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, মারধরের শিকার হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে নিহতের স্বজনরা।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টা দিকে উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রহিম প্যাদা একই এলাকার মনতাজ প্যাদার ছেলে এবং ওই আবাসনে তার চায়ের দোকান ছিল।
নিহতের স্বজনরা জানিয়েছেন, স্থানীয় কামাল হাওলাদার কয়েকদিন আগে রহিমের দোকান থেকে বাকিতে সিগারেট নিয়ে টাকা পরিশোধ করেননি। মঙ্গলবার সন্ধ্যায় কামালকে দেখে বকেয়া টাকা চাইলে তার সঙ্গে রহিমের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে কামালের সঙ্গে থাকা জামাল ও নুরুল ইসলাম মিলে রহিমকে দোকান থেকে বের করে মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে কামাল লাঠি দিয়ে আঘাত করলে দোকানদার রহিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রহিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেছেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য রহিমের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

