আগামীর সময়

মন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দিতে গিয়ে পুলিশের গাড়ি খাদে, আহত ৮

মন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দিতে গিয়ে পুলিশের গাড়ি খাদে, আহত ৮

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির আগমন ও প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত দুজনকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হন।

পুলিশের একাধিক সূত্র জানায়, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে সালাম দিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে ৭ সদস্যের একটি দল ঢাকা মেট্রো-ঠ-১৪-৩০৬৩ নম্বরের গাড়িতে রওনা হয়। পরে ফরদাবাদ ইউনিয়নের ভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে ডান পাশের খাদে পড়ে যায়।

আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত জুয়েল মিয়া ও শরিফকে উন্নত চিকিৎসার জন্য সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়িটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

    শেয়ার করুন: