সারাইগাছী-আড্ডা রোড: ডাকাত আতঙ্ক কেটে ফিরেছে স্বস্তি

ছবি: আগামীর সময়
এক সময় রাত নামলেই নওগাঁর পোরশার সারাইগাছী টু আড্ডা রোড রূপ নিত এক ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদে। রামদা, দেশীয় অস্ত্র কিংবা সড়কে রশি ও গাছ ফেলে চলত সংঘবদ্ধ ডাকাত চক্রের সিরিজ তাণ্ডব। রাতের অন্ধকারে এই আঞ্চলিক সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন সাধারণ পথচারী, গরু ব্যবসায়ী থেকে শুরু করে দূরপাল্লার চালক ও মোটরসাইকেল আরোহীরা।
তবে বিগত দিনের সেই বিভীষিকা ও আতঙ্ক পেছনে ফেলে গত আট মাসে এই পুরো চিত্র এখন সম্পূর্ণ বদলে গেছে। পোরশা-আড্ডা রোডের অপরাধমূলক কর্মকাণ্ড ও ডাকাতি এখন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।
বিগত দিনে পুরো নওগাঁ জেলায় মোট ১৬টি ডাকাতি ও চুরির মামলাসহ একাধিক চাঞ্চল্যকর দস্যুতার ঘটনা ঘটেছিল। বিশেষ করে পত্নীতলা থেকে পোরশা হয়ে আড্ডা পর্যন্ত আঞ্চলিক সড়কটি অত্যন্ত অপরাধপ্রবণ ছিল, যেখানে প্রতিনিয়ত চলত আন্তঃজেলা ডাকাত দলের তৎপরতা। তবে বর্তমান জেলা পুলিশ প্রশাসনের কৌশলী অবস্থান ও কঠোর তদারকিতে এই সড়ক এখন নিরাপদ যাতায়াতের অনন্য দৃষ্টান্তে পরিণত হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম ও সাপাহার সার্কেল অফিসারসহ পোরশা থানার ওসির যৌথ তত্ত্বাবধানে এই সাফল্য এসেছে। জেলা পুলিশের সার্বক্ষণিক নৈশকালীন কঠোর নজরদারির ফলে গত আট মাসে এই সড়কে আর কোনো বড় ধরনের অপ্রীতিকর বা ডাকাতির ঘটনা ঘটেনি।
বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় ব্যবসায়ী এবং নৈশকালীন পথচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে জানান, আগে এই রাস্তায় রাতে চলাচল করা মানেই ছিল জীবন বাজি রাখা। এখন গভীর রাতেও সম্পূর্ণ নিরাপদে এবং নির্বিঘ্নে যাতায়াত করা যাচ্ছে।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, যারা এই সড়কে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বা পুনরায় চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সারাইগাছী ও আড্ডা সড়কের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর।




