তেঁতুলিয়ায় সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ৪ বাংলাদেশি আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ৪৪০/২৫/এস-এর কাছাকাছি ফরেস্টের ভেতর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।
বিজিবি সূত্রে জানা যায়, ১৮ বিজিবির আওতাধীন শারিয়ালজোত বিওপির একটি টহল দল হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় সাতজনকে সন্দেহজনকভাবে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন।
পরে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চারজনকে আটক করা হয়। এ সময় আরও তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়েও তাদের পাওয়া যায়নি।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার নাসিরনগর থানার ব্যাংগোতা গ্রামের মো. জজ মিয়ার ছেলে মো. শিপন (১৯), একই জেলার বিসামবারপুর থানার আলীপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল (২১), সুনামগঞ্জের সুনামগঞ্জ থানার বনগাঁও এলাকার জাহেল মিয়ার ছেলে মো. সাব্বির (১৫) এবং একই এলাকার জাহেল মিয়ার ছেলে মো. রাহান (১৩)।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিজিবি চারজনকে আটক করেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, পালিয়ে যাওয়া তিনজনকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।




