সিলেট
সাইফুর রহমানের নামেই ফিরছে নজরুল অডিটরিয়াম

সংগৃহীত ছবি
সিলেট নগরীর সবচেয়ে বড় সরকারি মিলনায়তন রিকাবীবাজারের অডিটরিয়াম ১৭ বছর পর আবার সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হচ্ছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম (এমপি) অডিটরিয়াম পরিদর্শনকালে এ তথ্য জানান।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ থাকা অডিটরিয়ামটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে অডিটরিয়াম সংস্কারে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অডিটরিয়াম পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা এম সাইফুর রহমান অডিটরিয়াম নামেই অর্থ বরাদ্দ দেব। এই নাম সামনে বড় করে লিখতে হবে, যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু টাকা বেশি খরচ হয়, তাতেও সমস্যা নেই।’
এর আগে, এই মিলনায়তনের নাম ছিল সিলেট অডিটরিয়াম। চারদলীয় জোট সরকারের আমলে সংস্কার শেষে এটির নাম পরিবর্তন করে তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম সাইফুর রহমানের নামে রাখা হয়।
পরে আওয়ামী লীগ সরকারের আমলে সাইফুর রহমানের নাম পাল্টে রাখা হয় কবি নজরুল অডিটরিয়াম। প্রায় ২০ বছর পর বিএনপি ক্ষমতাসীন হয়ে আবারও এই অডিটরিয়ামের নাম বদলের উদ্যোগ নিয়েছে।

