খুলনায় দিনেদুপুরে হেলমেট পরে এসে যুবককে গুলি

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার কয়েক ঘণ্টার মধ্যে ফের প্রকাশ্যে আশিকুজ্জামান জনি (৩৪) নামের এক যুবককে গুলি করে আহত করেছে অজ্ঞাত ব্যক্তিরা।
আজ শনিবার বিকাল পৌনে ৪টার দিকে নগরীর নিরালা ৩ নম্বর কাশেম সড়কে এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জনি কাশেমনগর এলাকার মৃত হামিদের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বিকাল পৌনে ৪টার দিকে হেলমেট পরিহিত দুই যুবক মোটরসাইকেলে কাসেম সড়কে এসে দাঁড়িয়ে থাকা জনির সঙ্গে কথা বলে। একপর্যায়ে তারা মোটরসাইকেল থেকে নেমে ওই যুবককে তাড়া করে দুই রাউন্ড গুলি করে দ্রুত চলে যান। ওই গুলি জনির নিতম্বে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, নিরালা কাশেমনগর সড়কে গুলিতে এক যুবক আহত হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও অপরাধীদের শনাক্তে কাজ করছে।
এদিকে নগরীতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে খুলনা জেলার এ-সার্কেল অফিসে কর্মরত পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম কেএমপি-সংলগ্ন সড়কে ছিনতাইয়ের শিকার ও গুরুতর আহতের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের এক এসআই বাদী হয়ে গত শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে।



