আগামীর সময়

শনিবারের ছুটি বাতিলের দাবি অভিভাবক ঐক্য ফোরামের

শনিবারের ছুটি বাতিলের দাবি অভিভাবক ঐক্য ফোরামের

সংগৃহীত ছবি

দেশের শিক্ষা ঘাটতি পূরণ এবং নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের দাবি জানিয়েছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।

মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, এই উদ্যোগ শুধু প্রাথমিক স্তরে নয়, মাধ্যমিক স্তরেও কার্যকর করা প্রয়োজন।

বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. জিয়াউল কবির দুলু বলেছেন, মাধ্যমিক পর্যায়ে কোচিং ও প্রাইভেট নির্ভরতা উদ্বেগজনক হারে বেড়েছে। অনেক শিক্ষক কোচিং বা ব্যক্তিগত টিউশনের সঙ্গে যুক্ত থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে এসবের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। নির্দিষ্ট শিক্ষকের কাছে না পড়লে হেনস্তা বা নম্বর কম দেওয়ার অভিযোগও রয়েছে।

তিনি আরও বলেছেন, শিক্ষার মূল কেন্দ্র হওয়া উচিত শিক্ষাপ্রতিষ্ঠান, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে তা কোচিংনির্ভর হয়ে পড়ছে, যা শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অনেক এমপিওভুক্ত প্রতিষ্ঠান সরকারীকরণের পরও পূর্বে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যথাযথ বদলি বা পুনর্বিন্যাস হয়নি। এর ফলে কোচিংনির্ভরতা ও সিন্ডিকেট কার্যক্রম অব্যাহত রয়েছে, যা শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করছে।

এছাড়া পবিত্র রমজানের দীর্ঘ ছুটি এবং এসএসসি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় টানা ছুটি তৈরি হয়েছে। এতে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সংগঠনটি জানায়, প্রাথমিক স্তরে ১০টি শনিবার শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত থাকলেও মাধ্যমিক স্তরে এখনো এ বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই।

অভিভাবক ঐক্য ফোরাম মনে করে, একটি কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এজন্য শনিবারের ছুটি বাতিলসহ প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।


    শেয়ার করুন: