ফটিকছড়িতে সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ১৫তম ওরশ সম্পন্ন

সংগৃহীত ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর (ক.) ১৫তম বার্ষিক ওরশ। গতকাল মঙ্গলবার মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত সমাপনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দরবারের সাজ্জাদানশীন হযরত ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
তিনি বলেন, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ (ক.)-এর পুরো জীবন মানবপ্রেম, আত্মশুদ্ধি, নৈতিকতা ও সম্প্রীতির আদর্শে নিবেদিত ছিল। মানুষকে বিভক্ত না করে ভালোবাসা ছড়ানো এবং আত্মকেন্দ্রিকতা বাদ দিয়ে মানবকল্যাণে আত্মনিয়োগ করাই ছিল তার মূল জীবনদর্শন।
দেশের ধর্মীয় ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, কোনো উগ্রবাদী বা বিভাজনকামী গোষ্ঠীর ফাঁদে না পড়ে সব পক্ষের ওলামা-মাশায়েখ ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এতে ভুল বোঝাবুঝি কমে আসবে এবং জাতীয় ঐক্য সুদৃঢ় হবে।
দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী দিনে প্রধান আলোচক ছিলেন পাকিস্তান থেকে আসা আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. মুহাম্মদ কাওকাব নূরানী ওকাড়ভী। এ ছাড়া পীরে তরিকত মুফতি শাহেদুর রহমান হাশেমী, মাওলানা মইন উদ্দীন আল কাদেরী, মাওলানা মুফতি বাকিবিল্লাহ আজহারী, মাওলানা ফখরুদ্দীন চাঁদপুরী, মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারীসহ বরেণ্য ওলামায়ে কেরাম ও ভক্ত-আশেকানরা এতে অংশ নেন।
অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথি আখেরি মোনাজাত পরিচালনা করেন। এতে মুসলিম উম্মাহর ঐক্য, দেশের কল্যাণ এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।






