সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলায় ঈদ জামাত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরের ন্যায় এবারও দিনাজপুর সদরসহ ৬টি উপজেলার কিছু গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় আগাম ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে সকাল ৮টায় নামাজ আদায় করেন ২ শতাধিক পরিবার। এছাড়াও জেলার বিরামপুরে দুটি ইউনিয়নের প্রায় ১৫ গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন।
আজ সকাল ৮টায় উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদ্রাসা মাঠ, খয়েরবাড়ি-মির্জাপুরে জামাত দুটি অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলার চিরিরবন্দরের সাইতারার রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রাম, কাহারোলের জয়নন্দ, ১৩ মাইলে গড়েয়া, বিরলের পশ্চিম বনগাঁ জামে মসজিদ, কাজীপাড়া এবং নবাবগঞ্জে কিছু স্হানে প্রায় হাজার দুয়েক মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।
উল্লেখ্য, সৌদি আরবের সাথে মিল রেখে গত ২০০৭ সাল থেকে দুই ঈদে (ঈদুল ফিতর এবং ঈদুল আযহায়) নামাজ আদায় করে আসছেন অনুসারিরা।

