আগামীর সময়

রাতে কিশোরদের অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী

রাতে কিশোরদের অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এখন থেকে রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে কনস্টিটিউশনাল ভায়োলেন্স হলে সেটি আমরা পরে দেখব।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিমুক্ত না থাকতে পারলে বদলি হয়ে অন্যত্র চলে যান। আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, এটা আমার প্রতিজ্ঞা। তিনি বলেন, আমার এই প্রমিজের সঙ্গে যারা থাকতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। আর না হয় আমাকে বলবেন, আমি ভালো জায়গা দেখে বদলি করে দেব।

এহছানুল হক বলেন, যতদিন বেঁচে থাকব, ততদিন কাউকে দুর্নীতি করতে দেব না। আমি জন্ম থেকেই এই অঙ্গীকার লালন করে আসছি। যারা এই অবস্থানের সঙ্গে একমত নন, তারা দায়িত্বে থাকতে পারবেন না।

তিনি বলেন, কচুয়াকে সবসময় পবিত্র ও সুশাসনের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, কচুয়াসহ সারা দেশে কিশোর গ্যাং দমন করতে হবে এবং বাজারগুলোতে চাঁদাবাজি বন্ধ করতে নজরদারি জোরদার করতে হবে। বাজার ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি।

    শেয়ার করুন: