কুমিল্লা-৪ আসনের ভোট বাতিল ও পুনঃভোটের দাবি

ফাইল ছবি
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বাতিল ও পুনঃভোটের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপি জোট ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সমর্থকরা ভোটের আগে ও ভোটের দিন নানা অনিয়ম, ভয়ভীতি ও কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করেছে। সুবিল ও মোহনপুর ইউনিয়নে অবৈধ অর্থ বিতরণের সময় স্থানীয় জনতার হাতে আটক হন। এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, হাসনাতের অনুসারীরা বিভিন্ন ইউনিয়নে জামায়াতের ক্যাডারদের সঙ্গে নিয়ে অস্ত্রের মহড়া দেয়। গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামে অস্ত্র নিয়ে সোহেল রানা, আলমগীরসহ আটজন আটক হওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনার পরও আমি নির্বাচন চালিয়ে যাই। ভোটের দিন আমার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
জসিম বলেন, কিছু প্রিজাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করে ঐসব কেন্দ্রে আগেই বিপুলসংখ্যক ব্যালটে সিল মেরে রাখা হয় এবং ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে সেগুলো ব্যালট বাক্সে ঢোকানো হয়।
তিনি আরও বলেন, এসব অনিয়মের প্রতিবাদে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। বিএনপি সমর্থিত প্রার্থী হওয়া সত্ত্বেও তার নিজ কেন্দ্রে তাকে পরাজিত দেখানো হয়। এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিজ কেন্দ্র গোপালনগরে তার কোনো ভোটই দেখানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

