নোয়াখালীতে কলহের জেরে এক ব্যক্তিকে ছুরি মেরে হত্যা, প্রাক্তন স্ত্রী-শাশুড়ি আটক

ছবি: আগামীর সময়
নোয়াখালীর সদর উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরি মেরে হত্যা করার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। গতকাল রবিবার রাত ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের প্রাক্তন স্ত্রী মোছা. তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) তুষ্ট লাল।
নিহত কামাল সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। তানিয়া সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের আমির হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, জুয়া খেলায় আসক্তি নিয়ে কামালের সঙ্গে তানিয়ার পারিবারিক কলহ ছিল। এর জেরে পাঁচ-ছয় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও তানিয়াকে কাজে যাওয়া-আসার পথে বিরক্ত করতেন কামাল। কিছুদিন আগে তিনি তানিয়ার বাড়িতে আসেন। তবে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে জায়গা দেননি। এরপর থেকে তার মেয়েকে দেখতে তিনি শ্বশুর বাড়ির পাশের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে মাথার নিচে ইট দিয়ে ঘুমাতেন।
গত শনিবার ওই মাদ্রাসার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কামাল ইট দিয়ে তার সাবেক শ্বশুর আমির হোসেনকে মারধর করে আহত করেন। এ ঘটনার জেরে পরদিন রবিবার ঢাকা থেকে আসেন কামালের শ্যালক মো. আকাশ (২০)। রাত ১১টার দিকে মাদ্রাসার মাঠে ঘুমন্ত কামালের পেটের বাম পাশে, পিঠে, মাথায়, হাতে ও বাম উরুতে ছুরি দিয়ে আঘাত করেন তানিয়া, করফুলের নেছা ও আকাশ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি নজরুল জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




