সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

গ্রেপ্তার দুজন
রংপুরের গঙ্গাচড়ায় সাপ খেলায় মন্ত্র পড়া নিয়ে সাপুড়েকে মারধর করে কয়েকজন। এতে বাধা দেন আব্দুল মালেক। তাকেও মারধর করেন তারা। মালেকের চিৎকারে এগিয়ে আসেন তারা বাবা এন্দাজ মিয়া। তখন তাকেও পেটানো শুরু করে। আর ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে মুন্সীগঞ্জের টংগিবাড়ীর ইসলামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তাররা হলেন মো. আশরাফুল ইসলাম (৪৫), মো. মাবু মিয়া (৩০), মো. লেবু মিয়া (৩০) ও মো. এরশাদ আলী (৪০)। তারা গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রামওঝা গ্রামের মো. নূর হোসেনের ছেলে।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৫ আগস্ট রাতে গঙ্গাচড়ার কাশিয়াবাড়ীর হাটসংলগ্ন কমিউনিটি ক্লিনিক মাঠে এক সাপুড়ে সাপ খেলা দেখাচ্ছিলেন। খেলার একপর্যায়ে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় অভিযুক্ত চারজনসহ আরও ৯ থেকে ১০ জন সাপুড়েকে মারধর শুরু করেন। একপর্যায়ে স্থানীয় যুবক আব্দুল মালেক সাপুড়েকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা আব্দুল মালেককেও গালাগাল ও মারধর শুরু করেন। আব্দুল মালেক চিৎকার করলে তার বাবা এন্দাজ মিয়া ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। তখন অভিযুক্তরা তাকেও মারধর করেন। এতে ঘটনাস্থলেই এন্দাজ মিয়ার মৃত্যু হয়।





