নানাবাড়িতে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) এবং খাজুরা গ্রামের শাহজালালের মেয়ে সুমাইয়া খাতুন (৫)। তারা সম্পর্কে সৎ ভাই-বোন। নয়নের বাবা আক্তার হোসেন ও সুমাইয়ার মা মৌসুমীর বিয়ের পর থেকে তারা একই পরিবারের সদস্য।
পুলিশ জানায়, রবিবার বাবা-মায়ের সঙ্গে শিশু দুটি কেশবপুরের জাহানপুর গ্রামে নানা হান্নানের বাড়িতে বেড়াতে আসে। সোমবার পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের ইছার উদ্দিন সানার পুকুরে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পানিতে ডুবে যায়।
শিশু দুটি দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে কেশবপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
কেশবপুর থানার এসআই মিসবাহ উদ্দিন বললেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



