আগামীর সময়

রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও

রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও

ফাইল ছবি

রংপুরের তিনটি সংসদীয় আসনের নির্বাচনী ফলাফল পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি প্রার্থী ও তার সমর্থকরা।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা রংপুর-৪, রংপুর-৩ ও রংপুর-৬ আসনে পুনরায় ভোট গণনার দাবি জানান। এ সময় তারা এনসিপি প্রার্থী আখতার হোসেন ও জেলা প্রশাসককে ‘ভোট চোর’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা, রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু এবং রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম।

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ করে বলেন, এই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী ছিলাম যে জনগণের রায়ে আমি নির্বাচিত হবো। কিন্তু বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে আমাদের প্রতিপক্ষ এনসিপির প্রার্থী মব সৃষ্টি করে প্রশাসনের সহায়তায় ফলাফল ইঞ্জিনিয়ারিং করেছে।

তিনি দাবি করে বলেন, গত শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের বাংলোতে গিয়ে দেখা করার চেষ্টা করেও কোনো সাড়া পাননি। তিনি বলেন, আমার একটাই দাবি-যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা পুনর্গণনা করতে হবে।

রংপুর-৩ আসনের বিএনপি প্রার্থী বলেন, আমরা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ পন্থায় আন্দোলন শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিক্ষোভ চলাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কার্যালয় চত্বরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।



    শেয়ার করুন: