অনুমতি ছাড়া কমিটি করে বহিষ্কৃত গণঅধিকার পরিষদের দুই নেতা

বাঁ থেকে আফজাল হোসেন রাঢ়ী ও মো. লিয়ার হোসেন হাওলাদার
পটুয়াখালীর দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্র অমান্য ও অনিয়মতান্ত্রিকভাবে ইউনিয়ন কমিটি ঘোষণার অভিযোগে গণঅধিকার পরিষদের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
আজ সোমবার সাময়িক বহিষ্কৃত দুই নেতা হলেন গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন রাঢ়ী ও সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন হাওলাদার।
গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম শিকদারের যৌথ সিদ্ধান্তে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট শাখার সভাপতির পূর্বানুমতি ও আলোচনা ছাড়াই ওই দুই নেতা অনিয়মতান্ত্রিকভাবে ইউনিয়ন কমিটি অনুমোদন ও ঘোষণা করেন। এ ধরনের সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা, ঐক্য ও নীতিমালার পরিপন্থী। তাদের কর্মকাণ্ডে সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
এ ছাড়া দশমিনা উপজেলা শাখার পদসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের ঘোষিত নিয়মবহির্ভূত সব ইউনিয়ন কমিটিও বাতিল করা হয়েছে।
কারণ দর্শানোর নোটিসে আগামী সাত কার্যদিবসের মধ্যে পটুয়াখালী জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কারণ দর্শানোর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বহিষ্কৃত দুই নেতা দলের নাম ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না।




