ইয়াবা সেবনের দায়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবকদল নেতাসহ চার জনের কারাদণ্ড

সংগৃহীত ছবি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের দায়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতাসহ চার জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের থানাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিম মল্লিক, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রুবেল আহসান (ওরফে ব্লাক রুবেল), উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের মনির হোসেন ও পাথরঘাটা উপজেলার মো. জসিম উদ্দিন।
প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ৯নং ওয়ার্ডের থানাপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই চারজনকে ইয়াবা সেবন করা অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
ইউএনও আতাউর রাব্বী জানান, চারজনকে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসন সোচ্চার। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে। মাদকের সঙ্গে জরিত কাউকে ছাড় দেওয়া হবে না।
মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের আজ শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।



