ভোট দিয়ে শতবর্ষী মনোয়ারা, খুব ইচ্ছা ছিল ভোট দিব

সংগৃহীত ছবি
আমার খুব ইচ্ছা ছিল ভোট দেব। এর পরে আর ভোট দিতে পারবো কি না আল্লাহ ভালো জানেন। ছেলের বৌকে বলতেই সে আমাকে কোলে করে নিয়ে এসেছে ভোট দিতে, ভোট দিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন ১১০ বছর বয়সী মনোয়ারা খাতুন। তিনি দেখিয়ে দিলেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বয়স কোনো বাধা নয়।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলা সদরের সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
মনোয়ারা খাতুন উপজেলা সদরের বেগোপাড়া গ্রামের মৃত গোলাম রব্বানীর স্ত্রী। বার্ধক্যজনিত কারণে তিনি হাঁটাচলা করতে পারেন না। তবে তার ভোট দেওয়া আগ্রহ দেখে বাড়ি থেকে ভ্যানে করে কেন্দ্রে নিয়ে আসেন পুত্রবধূ রাজিয়া খাতুন। পরে পুত্রবধূর কোলে চড়ে বুথে গিয়ে ভোট দেন তিনি। মনোয়ারা খাতুনের ভোট দেওয়ার এ দৃশ্য কেন্দ্রে উপস্থিত ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
আধো আধো কণ্ঠে শতবর্ষী এই বৃদ্ধা বলেন, আমার খুব ইচ্ছা ছিল ভোট দেব। এর পরে আর ভোট দিতে পারবো কি না আল্লাহ ভালো জানেন। ছেলের বৌকে বলতেই সে আমাকে কোলে করে নিয়ে এসেছে ভোট দিতে।
পুত্রবধূ রাজিয়া খাতুন বলেন, আমার শাশুড়িকে আল্লাহ অনেক হায়াত দিয়েছেন। তিনি ভোট দিতে পেরে খুবই খুশি হয়েছেন। অনেকেই তার এই আগ্রহ ও সচেতনতার প্রশংসা করেছেন।
ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামিম রেজা জানান, মনোয়ারা খাতুন নামের বৃদ্ধা পুত্রবধূর কোলে চড়ে ভোট দিতে এসেছিলেন। তাকে ভোট দিতে সর্বাত্মক সহায়তা করা হয়েছে। ভোট দিতে পেরে তিনি খুবই খুশি হয়েছেন।
প্রিজাইডিং অফিসার জানান, ৮৩ নম্বর কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭৮৭ জন এবং নারী ভোটার ১ হাজার ৮৬০ জন। বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রে ১ হাজার ৩৪০টি ভোট পড়েছে, যা মোট ভোটের প্রায় ৩০ শতাংশ।

