জুলাই শহীদ হৃদয়ের পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

শহীদ হৃদয় হোসেনের পরিবারকে উপহার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
গাজীপুরের গাছা থানা ছাত্রদলের কর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হৃদয় হোসেনের পরিবারের কাছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে শুভেচ্ছা উপহার ও অর্থসহায়তা।
মঙ্গলবার শহীদ হৃদয়ের বাড়িতে গিয়ে তার বড় ভাই গোলাপ মিয়ার হাতে উপহার তুলে দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম আবু জাফর। এ সময় পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন তিনি।
আবু জাফর মন্তব্য করেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ হৃদয়ের মতো জুলাইয়ের সকল শহীদ পরিবারের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে শহীদ হৃদয় গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।’
তিনি আরও জানান, শহীদ হৃদয়ের বড় ভাই গোলাপ মিয়া আগে একটি পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার রয়েছেন। তার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
শুভেচ্ছা উপহার ও খোঁজখবর নেওয়ায় শহীদ হৃদয়ের বড় ভাই গোলাপ মিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে গাজীপুরের গাছা থানার জামান মার্কেট এলাকায় শহীদ হৃদয় হোসেনের কবর জিয়ারত করেন ছাত্রদলের কেন্দ্রীয় এ সহসভাপতি।
এ সময় ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমান মমিন, দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, সহদপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেলসহ নেতাকর্মীরা।




