একসঙ্গে মন্ত্রিসভায় মামা-ভাগ্নে

সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত নতুন মন্ত্রিসভায় একসাথে শপথ নিয়ে চমক দেখালেন সিরাজগঞ্জের ইকবাল হাসান মাহমুদ টুকু ও ড. এম এ মুহিত। জানা গেছে, সম্পর্কে তাঁরা মামা-ভাগ্নে। এই খবরে আনন্দিত হয়ে বিএনপির নেতাকর্মীরা সিরাজগঞ্জে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ বড় বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছার জোয়ার বইছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন চান সাধারণ মানুষ।
এ নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি এর আগে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও পরে কৃষি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাবা আব্দুল্লাহ আল মাহমুদ ছিলেন পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী।
অন্যদিকে টুকুর আপন ভাগ্নে ড. এম এ মুহিত শাহজাদপুর আসন থেকে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক উপপ্রধানমন্ত্রী ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের ছেলে।

