মেঘনায় চেয়ারম্যান প্রার্থী রুবেল ডাকাতি মামলায় গ্রেপ্তার

হাসান মাহমুদ রুবেল
কুমিল্লার মেঘনায় বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মাহমুদ রুবেলকে (৩২) মানিকগঞ্জের সাটুরিয়া থানায় করা একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার ভোররাতে উপজেলার রামপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল গ্রামের রুস্তম আলীর ছেলে।
সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় সড়ক অবরোধ করে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন ভুক্তভোগী সাটুরিয়া থানায় একটি মামলা করেন। মামলার অভিযোগ অনুযায়ী, ডাকাতির ঘটনায় লুট হওয়া ৩০০টি গ্যাস সিলিন্ডার রুবেল কিনেছিলেন। লুট হওয়া মালামাল কেনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মেঘনা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় গিয়ে রাত যাপন করতেন এবং চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে আগে হুন্ডি ও বিয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সাটুরিয়া থানা থেকে আসা পুলিশ সদস্যরা তাদের অবহিত করে ভোররাতে রুবেলকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।



