রিকশা গ্যারেজের ভেতরে মিলল মালিকের গলাকাটা মরদেহ
রংপুর ব্যুরো

রংপুরে রিকশা গ্যারেজের ভেতর থেকে মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার— আগামীর সময়
রংপুর নগরের একটি রিকশা গ্যারেজের মালিক আব্দুর রহমানকে (৬৫) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ওই গ্যারেজ সংলগ্ন একটি বাসায় একাই বসবাস করতেন। তার এক মেয়ে ও তিন ছেলে অন্যত্র থাকেন।
গত বুধবার রাতে নগরীর তাজহাট আনছারির এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় গ্যারেজে থাকা টাকাও লুট করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে গ্যারেজের বন্ধ শাটার ও বাইরে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গ্যারেজের তালা ভেঙে ভেতরে আব্দুর রহমানের গলাকাটা মরদেহ দেখতে পায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা টাকা লুট করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মাটিতে রক্তমাখা জায়গাটি চিহ্নিত করে সিআইডির ক্রাইম সিন টিমসহ পিবিআই ও মেট্রো পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।







