মেঘনায় মিলল ১৬ কেজির কোরাল, বিক্রি ২৪ হাজারে

ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের কোরাল মাছ। ছবি: আগামীর সময়
ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ডালচর মৎস্যঘাটে নিলামে তোলা হলে সেটি বিক্রি হয় ২৪ হাজার টাকায়।
উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে মাছটি নিয়ে আসেন জেলে কামাল মাঝি।
তিনি জানান, মেঘনায় মাছ ধরার সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে তার জালে বড় এই কোরাল মাছটি উঠে আসে। নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মাছটি কিনে নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, ইলিশের সংকটের মধ্যে জেলের জালে বড় আকৃতির কোরাল মাছ ধরা পড়া জেলেদের জন্য কিছুটা স্বস্তির। তাদের আয় বাড়ে। সামনে ইলিশের পাশাপাশি বড় আকারের আরও মাছ পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।




