নিখোঁজের তিন দিন পর ঝোপে মিলল গৃহবধূর অর্ধগলিত মরদেহ

বকশীগঞ্জ থানা। ছবি: আগামীর সময়
জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বাট্টাজোর এলাকার বকশীগঞ্জ-কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
এ ঘটনায় নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী ইয়াকুব আলী পলাতক বলে জানিয়েছে পুলিশ।
নিহত রোজিনা উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার জুমার নামাজের পর স্বামীর বাড়ি থেকে রোজিনা নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে বকশীগঞ্জ-কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর দেন পুলিশে।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানিয়েছেন, কীভাবে রোজিনার মৃত্যু হয়েছে এবং কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।




