হারানো ছেলে ফিরল বাবার বুকে, চোখে জল আনল অন্যদেরও

ছবিঃ আগামীর সময়
হারিয়ে যাওয়া ছেলেকে ৩ বছর পর ফিরে পেয়ে আবেগে চোখের জল ধরে রাখতে পারলেন না মাদারীপুরের শিবচরের এক বাবা। এই মিলন দৃশ্যের সাক্ষী হয়ে রইলেন উপস্থিত সবাই।
স্থানীয়রা জানান, উপজেলার উৎরাইল বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল ১২ বছরের ছেলেটি। নিজের নাম ইদ্রিস মিয়া ও বাবার নাম সজিব ছাড়া আর কোনো তথ্য দিতে পারছিল না। তখন শিশুটিকে শিবচর থানায় নেওয়া হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলছিলেন, শিশুটির পরিচয় শনাক্তে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে উদ্যোগ। উপজেলা সমাজসেবা অফিস এবং স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় ইদ্রিসের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শিশুটির বাবা সজিব মিয়া কোতোয়ালি থানার বাসিন্দা।
'পুলিশের এ প্রচেষ্টার খবর জানার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করি। তারপর স্বজনদের নিয়ে দ্রুত শিবচরের উদ্দেশ্যে রওনা দেই।' চোখের জল মুছতে মুছতে বলছিলেন সজিব মিয়া।
শনিবার রাত ১০টার দিকে শিবচর থানায় পৌঁছে ছেলেকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা। দীর্ঘদিন পর বাবা-ছেলের এই মিলন মুহূর্তে উপস্থিত সবার চোখে জল চলে আসে। যাচাই-বাছাই শেষে ইদ্রিস মিয়াকে দেওয়া হয় তার বাবার জিম্মায়। সজিব মিয়া জানান, প্রায় তিন বছর আগে ফরিদপুর থেকে রাজবাড়ীর আনন্দবাজার এলাকায় যাওয়ার পথে ইদ্রিস নিখোঁজ হয়। এরপর থেকে খোঁজ মিলছিল না।
আবেগ ধরে রাখতে পারছিলেন না পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরও ‘মানবিক দৃষ্টিকোণ থেকে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। হারিয়ে যাওয়া শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমে পুলিশ সক্রিয় থাকবে।’
শিবচর থানা পুলিশসহ মাদারীপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ উদ্ধার শিশুর পরিবার।
















