কীর্তনখোলা নদীতে লঞ্চ ডুবি, চলে গেছে ৫৫ ফুট গভীরে

ছবিঃ আগামীর সময়
বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক ওয়াজ মাহফিলে মুসল্লিদের নিয়ে আসা একটি লঞ্চ কীর্তনখোলা নদীতে ডুবে গেছে। বুধবার সকালে মুসল্লিদের নামিয়ে দেওয়ার পর লঞ্চটি ডুবে যায়।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ দুপুরে জানান, মুন্সিগঞ্জ থেকে রিজার্ভ করা এমভি মানিক-৪ লঞ্চটি প্রায় ৩০০ মুসল্লি নিয়ে ভোর রাতে চরমোনাই মাহফিলের বাসাবাড়ি ঘাটে ভিড়ে। মুসল্লিদের নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল লঞ্চটি। ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের দিক দেবে গিয়ে এটি ডুবে যায়।
তবে এ সময় কোনো যাত্রী বা লঞ্চ-সংশ্লিষ্ট কেউ ভেতরে ছিলেন না।
বরিশাল নৌ-ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সনাজ মিয়া বললেন, লঞ্চটি ঘাটে ভেড়ানো ছিল এবং ধীরে ধীরে ডুবে গেছে। খবর পেয়ে ডুবুরিরা তল্লাশি চালিয়ে লঞ্চটির অবস্থান শনাক্ত করেছে।
'কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি। লঞ্চটি প্রায় ৫৫ ফুট গভীরে রয়েছে।' যোগ করেন তিনি।
তবে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও পরিচালন বিভাগের সহকারী পরিচালক মোজাম্মেল হোসেন জানান, লঞ্চটি ৩৩ ফুট গভীর পানিতে রয়েছে। এতে নৌ চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। তাই এটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়নি। লঞ্চটির মালিকপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা নিজ খরচে লঞ্চটি উদ্ধার করবে।

