হঠাৎ ভারি বৃষ্টিতে খাগড়াছড়িতে বন্যা
খাগড়াছড়ি প্রতিনিধি

ছবি: আগামীর সময়
খাগড়াছড়িতে গত রাতে (শুক্রবার দিবাগত রাত) ভারি বর্ষণে খাগড়াছড়ি জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত ও দীঘিনালা উপজেলায় বন্যা হয়েছে। দীঘিনালায় অবস্থিত আবহাওয়া অফিস জানিয়েছে, গতরাতে তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আজ শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ, উত্তর গঞ্জপাড়া, রাজ্যমনি পাড়া, মুসলিমপাড়া, বাজারের নিম্নাঞ্চল পানিতে ডুবে যায়। তখনো পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছিল।
ভুক্তভোগীরা জানিয়েছেন, ভোর চারটা থেকে পানি বৃদ্ধি পাচ্ছিল। নিম্নাঞ্চলের মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
এদিকে দীঘিনালা উপজেলায় মাইনী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় সাজেক রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে সাজেক সড়ক এখনো বন্ধ ঘোষণা করা হয়নি। তবে খাগড়াছড়ি সদর থেকে সাজেকগামী গাড়ি ছেড়ে গেছে।
জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, বন্যা কবলিতদের জন্য শুকনা খাবার ও আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।







