বেশি দামে জ্বালানি তেল বিক্রি, গুণতে হলো জরিমানা

সংগৃহীত ছবি
মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন দেবনাথ ট্রেডার্সের মালিক দেবনাথ। তার দোকানে বিভিন্ন পণ্যের পাশাপাশি খোলা বাজারে জ্বালানি তেলও বিক্রি করা হতো। তবে জ্বালানি সংকটের সুযোগে বেশি দামে তেল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জেলার সদর উপজেলার বালিরটেক ও কাফাটিয়া বাজারে অভিযান চালান মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় একই অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিলে অনেক ফিলিং স্টেশনে আগের মতো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না। এই সুযোগে খোলা বাজারে বোতলজাত জ্বালানি তেল বেশি দামে বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিলেই সহজেই এসব তেল পাওয়া যাচ্ছে।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিদপ্তর বালিরটেক ও কাফাটিয়া এলাকায় খোলা বাজারে বেশি দামে জ্বালানি বিক্রির সত্যতা পায়। পরে কাফাটিয়া বাজারের ‘আলী এন্টারপ্রাইজ’কে ৫ হাজার টাকা এবং বালিরটেক বাজারের ‘দেবনাথ ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

