মোটরসাইকেল দুর্ঘটনায় চুয়াডাঙ্গায় যুবকের মৃত্যু, আহত ২

সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সুরুজ আলী (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার স্বপন আলীর ছেলে। আহতরা হলেন হাজরাহাটি গ্রামের পটলা পীরের ছেলে ইন্তাদুল (৫৫) এবং শ্মশানঘাটপাড়ার মো. ইমন হোসেনের ছেলে হৃদয় হোসেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সুরুজ আলীর মৃত্যু হয় এবং অপর দুইজন গুরুতর আহত হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন বলেছেন, ‘হাসপাতালে নেওয়ার আগেই সুরুজ আলীর মৃত্যু হয়েছে। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেছেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

