ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে তারই বাবা।
শুক্রবার ভোরে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড় এলাকার হাসপাতাল রোড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
মামলার এজাহার বলছে, গত ১৯ আগস্ট রাত প্রায় ৩টার দিকে নিজ বাড়ির বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে ছিল ওই কিশোরী। এ সময় তাকে ধর্ষণ করেন তার বাবা। ঘটনার কয়েক দিন পর কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে ঘটনাটি জানাজানি হলে তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কিশোরীর মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। মামলার পর রাতভর অভিযান চালিয়ে শুক্রবার ভোরে আসামীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, ‘কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাড্ডা থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’




