ভোলায় পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

বোরহানউদ্দিন থানা
ভোলার বোরহানউদ্দিনে পুকুরের গোসলে নেমে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত দুই স্কুলছাত্রীর নাম মাহা (৮) ও তানহা আক্তার (৯)। মাহা ওই এলাকার মো. শাহিনের মেয়ে এবং তানহা আক্তার আব্দুল গনির মেয়ে। তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে মাহা ও তানহা। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তানহার মরদেহ ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করেন। পরে একই পুকুর থেকে মাহার মরদেহও উদ্ধার করা হয়।
এরপর দুজনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।




